১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন
রাজশাহীর আম স্বল্প সময়ে ও স্বল্প খরচে ঢাকায় পৌঁছাবে ম্যাংগো স্পেশাল ট্রেন
প্রকাশ : ১১ মে ২০২৪, ১৬:৪৬


পঞ্চমবারের মতো ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হবে আগামী ১০ জুন। বিশেষ এই ট্রেনে মাত্র ১ টাকা ৪৩ পয়সায় (প্রতিকেজি) রাজশাহীর বিখ্যাত রসালো আম যাবে ঢাকায়।
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, নিরাপদে স্বল্প সময়ে ও স্বল্প খরচে আম পরিবহনের লক্ষ্যে আগামী ১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। ২০২০ সালে প্রথম ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়। ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছর মোট ৩৯ লাখ ৯৫ হাজার ৭৯৮ কেজি আম পরিবহন করা হয়েছে। এতে সরকারের ৪৬ লাখ ২৯ হাজার ১৪০ টাকা রাজস্ব অর্জিত হয়েছে।
এ সময় রেলপথে আম পরিবহনের স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, আমি দায়িত্ব নেওয়ার দিন বলেছিলাম রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা হবে। এজন্য সবার সহযোগিতা চাই। চাষি ও ব্যবসায়ীদের কম খরচে আম পরিবহনের সুবিধা দিতে প্রধানমন্ত্রী এই ট্রেন দিয়েছেন।
ম্যাংগো স্পেশাল ট্রেনটিতে মোট ছয়টি লাগেজ ভ্যানের মাধ্যমে ২৮ দশমিক ৮৩ টন আম পরিবহন করা যাবে। তবে এবার ট্রেন যাবে পদ্মা সেতু হয়ে। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রা পথে রহনপুর স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, আব্দুলপুর, ঈশ্বরদী, পোড়াদহ, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনসহ মোট ১৫টি স্টেশনে যাত্রাবিরতি দেবে। আর ঢাকায় পৌঁছাবে রাত ২টা ১৫ মিনিটে।
































